প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৫ , ২:০৬:৩৫ প্রিন্ট সংস্করণ
জনপ্রিয় তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ২০১৮ সালের ডিসেম্বর মাসে সাতপাকে বাঁধা পড়েছিলেন তারা। তবে নিক-প্রিয়াঙ্কার অসম প্রেম নিয়ে কম চর্চা হয়নি। স্বামী-স্ত্রীর বয়সের ফারাক দশ বছর। প্রিয়াঙ্কা বর্তমানে ৪২ আর নিক জোনাসের বয়স ৩২।
মাঝে গুঞ্জন রটে- তাদের দাম্পত্যে নাকি ফাটল ধরেছে! তবে নিন্দুকদের মুখে ঝামা ঘঁষে সুখী দাম্পত্যের ৬ বছর পার করে ফেলেছেন নিক-প্রিয়াঙ্কা। এবার বিয়ের ৭ বছরে পা রেখে দেখালেন এই তারকা দম্পতি। আর বিবাহবার্ষিকীর বিশেষ দিনে স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিলেন স্বামী মার্কিন পপ তারকা নিক জোনাস।
স্ত্রীকে মনের কথা জানাতে গিয়ে নিক লিখেছেন, ‘আমার ড্রিম গার্ল-এর সঙ্গে বিয়ের সাত বছর হলো।’
পালটা নিককে ধন্যবাদ জানিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘তোমাকে ঘিরেই তো সব স্বপ্ন।’
নিক ও প্রিয়াঙ্কা দু’জনেই সবসময় তাদের ভালোবাসার মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।
প্রিয়াঙ্কা ও নিকের এই প্রেমকাহিনি শুরু হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (তৎকালীন টুইটার)-এ বার্তা আদান-প্রদানের মাধ্যমে। নিকের মেসেজের পর প্রিয়াঙ্কা তার নম্বর শেয়ার করেন এবং সেখান থেকেই তাদের কথাবার্তা শুরু হয়। ২০১৭ সালের ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টিতে তাদের প্রথম সাক্ষাৎ। সেই বছরই আবার একসঙ্গে দেখা যায় তাদের। এরপর ২০১৮ সালে তাদের ডেটিংয়ের খবর প্রকাশ্যে আসে।
সেই বছরই লন্ডনে প্রিয়াঙ্কার জন্মদিনে নিক তাকে বিয়ের প্রস্তাব দেন। আর ১-২ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবন প্রাসাদে দুই পরিবারের রীতি মেনে অনুষ্ঠিত হয় তাদের রাজকীয় বিবাহ। ২০২২ সালের জানুয়ারিতে জন্ম নেয় তাদের মেয়ে মালতি মারি চোপড়া জোনাস।











