শিক্ষা ও শিক্ষাঙ্গন

আবাসন ভাতা প্রদান এবং স্বচ্ছ তালিকার দাবিতে জবি ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন

  মো সাদমান সাকিব দিশান, জবি প্রতিনিধি  ২ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:১১:৩৩ প্রিন্ট সংস্করণ

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিশ্রুত আবাসন ভাতা (সম্পূরক বৃত্তি) দ্রুত প্রদান, স্বচ্ছ তালিকা প্রকাশ এবং এ বিষয়ে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার ১৭ (২ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

জবি ছাত্র অধিকারের দপ্তর সম্পাদক কাজী আহাদ বলেন, ২০২৫ সালের জুলাই মাসে অনুষ্ঠিত আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা প্রদান। সে সময় কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো প্রতিশ্রুত সম্পূরক বৃত্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি। জানুয়ারি মাস অতিক্রান্ত হয়ে ফেব্রুয়ারিতে প্রবেশ করলেও শিক্ষার্থীরা এখনো এ বৃত্তি থেকে বঞ্চিত রয়েছে।

 

তিনি অভিযোগ করেন, সম্প্রতি যে তালিকা প্রকাশ করা হয়েছে তা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নয়। আবেদন না করা অনেক শিক্ষার্থীর নাম তালিকায় দেখা গেছে, আবার প্রকৃত দাবিদার অনেক শিক্ষার্থীর নাম তালিকা থেকে বাদ পড়েছে। ফলে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করেছে।

 

তিনি আরো বলেন, আন্দোলনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) কার্যকর না থাকায় শিক্ষার্থীদের দাবি আদায়ে প্রতিনিধিত্ব সংকট তৈরি হয়েছে। বারবার ‘পরবর্তী সভা’ বা ‘আগামী সপ্তাহে’ সিদ্ধান্তের আশ্বাস দিলেও সমস্যার কার্যকর সমাধান হচ্ছে না।

 

এরই প্রেক্ষিতে  জবি  ছাত্র অধিকার পরিষদ ৫ দফা দাবি পেশ করেছে —

১. অনতিবিলম্বে কোন শিক্ষার্থীরা আবাসন ভাতা (সম্পূরক বৃত্তি) পাবেন সে বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত ও নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে।

২. প্রকৃত দাবিদার শিক্ষার্থীদের ন্যায্যভাবে বৃত্তি নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই বৃত্তি কমানো বা রূপান্তর করা যাবে না।

৩. সম্পূরক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের একটি স্বচ্ছ, যাচাইকৃত ও স্পষ্ট তালিকা দ্রুত প্রকাশ করতে হবে।

৪. আন্দোলনের সময় যে পরিমাণ অর্থ প্রদানের আশ্বাস দেওয়া হয়েছিল, তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। কোনো পরিবর্তন হলে তা প্রকাশ্যে ব্যাখ্যা দিতে হবে।

৫. এই বৃত্তি এককালীন নাকি নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান থাকবে—সে বিষয়েও স্পষ্ট ঘোষণা দিতে হবে।

 

তিনি আরো জানান, প্রতিশ্রুতি ভঙ্গ হলে বা শিক্ষার্থীদের বারবার আন্দোলনের পথে নামতে বাধ্য করা হলে তা হবে অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দায়িত্বশীল মহল দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।

আরও খবর

Sponsered content