অপরাধ

রাণীশংকৈলে ৭০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

  হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৪৭:৩২ প্রিন্ট সংস্করণ

রাণীশংকৈল উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজাসহ তানভীর হাসান (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক তানভীর হাসান বাচোর ইউনিয়নের কাতিহার মাধবপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, তানভীর হাসান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে রাণীশংকৈল থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে পুলিশের এ ধরনের তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

আরও খবর

Sponsered content