প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:২২:০৪ প্রিন্ট সংস্করণ
হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সবার পরিচয় হবে একটাই, আমরা সবাই বাংলাদেশি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়ার উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট খ্রিষ্টান সম্প্রদায়ের উদেশে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে পাওয়া এই গণতান্ত্রিক আবহাওয়া রক্ষা করতে হবে। ভবিষ্যতে এমন একটি বাংলাদেশ বির্নিমাণে প্রতিশ্রুতি আছে। যেখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সবার পরিচয় হবে একটাই, আমরা সবাই বাংলাদেশি। ধর্মের ভিত্তিতে, বিভাজনের ভিত্তিতে আমরা কখনও বিশ্বাস করি না। এটা আমাদের মেন্যুপেস্টু। বাংলাদেশি নাগরিকের যে পরিচয়, সেটা আমাদের পাসপোর্টে লিখা আছে। পাসপোর্টে আমরা বাংলাদেশি, সাংবিধানিকভাবে আমরা বাংলাদেশি।’
তিনি আরও বলেন, ‘যার যার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার কথা সংবিধানেই লেখা আছে। যার যার ধর্মীয় উপসনালয়ের স্বাধীনতা, ধর্ম চর্চার অধিকার সংবিধানেই দেওয়া আছে। সমস্ত শিক্ষার্থীকে প্রশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সেজন্য আমরা ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করব। যার ফলে শিক্ষার্থীরা দেশ ছাড়াও বাইরের দেশে কর্মসংস্থান খুঁজে নিতে পারবে। এতে রাজস্ব আসবে। দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘এদেশে ১৮ কোটি জনগণ আমাদের সম্পদ। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত। এই হাতই আমাদের শক্তি, দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার নিয়ামক। দেশের সকল নাগরিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। আমরা একটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তুলতে চাই।’
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল, গণমানুষের দল, সাধারণ মানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সারাদেশে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুণ। বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিন। আমরা একটি আত্মনির্ভরশীল জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।’
এসময় সালাহউদ্দিন আহমদের সঙ্গে ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা বিএনপির নেতা মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া এবং স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের নেতারা।




















