প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:০১:১৪ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সফিকুল ইসলাম খান (৩৮) কারা হেফাজতে মারা গেছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
তিনি কারাগারে লিভার সিরোসিজ ও হৃদরোগের জটিলতায় বিকেল ৪টায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকাল সাড়ে ৫টায় পুলিশ প্রহরায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিন রাতেই পটুয়াখালী কারা কর্তৃপক্ষ তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রামের বাড়িতে আনা হবে বলে জানা গেছে।
আজ শনিবার বিকেলে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার ছোট ভাই শামীম খান জানিয়েছেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন।
প্রসঙ্গত, সফিকুল ইসলাম ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় ২০২৫ সালের ১০ আগস্ট বিএনপির অফিসে হামলা ও ভাঙচুরসহ একাধিক মামলায় গ্রেপ্তার হন। দীর্ঘ ৭ মাস কারাগারে বন্দী ছিলেন তিনি।




















