সারাদেশ

টঙ্গীতে বাড়ছে ছিনতাই : সন্ধ্যার পর ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে চলাচল, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

  মো. নুরুজ্জামান শেখ, গাজীপুর প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৬ , ৪:২২:৪৪ প্রিন্ট সংস্করণ


গাজীপুরের টঙ্গী এলাকায় দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। মাঝে মধ্যে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

টঙ্গী রেলওয়ে স্টেশন, মেঘনা রোড, মিলগেট, স্টেশন রোড, বাটার গেট, টঙ্গী বাজার, আব্দুল্লাহপুর, নতুন বাজার রেলগেট, বিসিক রোড, নিমতলী ব্রিজ, মধুমিতা রোড, চেরাগ আলী, কলেজ গেট, ওয়াবদা রোড ও তিস্তা গেটসহ বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এসব এলাকায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বাটার গেট এলাকায় পরপর দুটি মরদেহ উদ্ধার হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করলেও তদন্ত এখনো চলমান রয়েছে।

অভিযোগ রয়েছে, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র মোটরসাইকেল বা দলবদ্ধভাবে চলাফেরা করে পথচারীদের টার্গেট করছে। তারা মোবাইল ফোন, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে এবং দ্রুত এলাকা ত্যাগ করছে।

স্থানীয়দের মতে, শিল্পনগরী হওয়ায় টঙ্গীতে বিভিন্ন অঞ্চল থেকে মানুষের আগমন বেশি। পাশাপাশি বেশ কয়েকটি বস্তি এলাকাকে অপরাধীরা আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে ছিনতাইকারীরা ঘটনার পর হাজীর মাজার বস্তি এলাকায় গিয়ে অবস্থান নেয় বলেও দাবি করেছেন এলাকাবাসী।

ভুক্তভোগীরা জানান, পর্যাপ্ত পুলিশি টহল ও নজরদারি না থাকায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। অনেকেই হয়রানির ভয়ে থানায় অভিযোগ করেন না, ফলে প্রকৃত ঘটনার সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ছিনতাই প্রতিরোধে টহল জোরদার ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দৃশ্যমান নিরাপত্তা বাড়ানো এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা জরুরি।

সাধারণ মানুষের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে টঙ্গীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা হোক।

আরও খবর

Sponsered content