সাতক্ষীরা প্রতিনিধি: ২৭ এপ্রিল ২০২৬ , ১২:০৯:১৬ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্ছেদ অভিযানের পর আবারও সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়ন কাজ চলাকালীন সময়ে এ ধরনের পুনর্দখল কার্যক্রম প্রশাসনের নির্দেশনা অমান্যের শামিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রোববার (২৬ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, নলতা হাসপাতালের উত্তর ও পশ্চিম পাশে সওজের উচ্ছেদ করা জায়গায় নতুন করে দোকানঘর নির্মাণ চলছে।
স্থানীয় সূত্রে অভিযোগ, একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কয়েকজন ব্যক্তি এ দখল কার্যক্রম চালাচ্ছেন। অভিযোগে যাদের নাম এসেছে তাদের মধ্যে রয়েছেন বিকাশ, বিধান, রাহুল, বিশ্বনাথ, শংকর, দীপঙ্কর ও মিথুনসহ আরও কয়েকজন।
এ বিষয়ে সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) মতিয়ার রহমান জানান, গত ২০ এপ্রিল সংশ্লিষ্টদের নামে নোটিশ জারি করা হয়েছে। নোটিশে ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, নলতা কাঁচাবাজার সংলগ্ন মহাসড়কের ২৩তম কিলোমিটার এলাকায় সড়ক বিভাগের জমি দখল করে পুনরায় স্থাপনা নির্মাণ করা হচ্ছে, যা ভূমি ও বিল্ডিং (দখল উদ্ধার) অধ্যাদেশ, ১৯৭০-এর ৫ ধারার পরিপন্থী। এছাড়া মহাসড়ক আইন ২০২১-এর ১৪(৭) ধারা অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ।
আইন অনুযায়ী এ ধরনের অপরাধে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে সড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে অল্প সময়ের মধ্যেই শ্যামনগর, কালিগঞ্জ ও দেবহাটা এলাকায় আবারও একইভাবে দখল ও নির্মাণ কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।














