হাকিমপুরে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ৭ মে ২০২৬ , ৭:৪৯:০৪প্রিন্ট
সংস্করণ
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় অভিযান চালিয়ে নেশাজাতীয় ৪০টি টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। এসময় এক নারী আসামী কৌশলে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) রাত ৮টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার এসআই (নিঃ) মোঃ ওমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৩নং আলীহাট ইউনিয়নের জাংগই (মাঠপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ আমিরুল ইসলাম (৪৪) কে তার বসতবাড়ির সামনে থেকে ৪০টি টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আমিরুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) এলাকার ভাড়া বাসা থেকে মোঃ রাসেল মন্ডল (২৭) নামে আরও এক আসামীকে গ্রেফতার করে পুলিশ। তবে অভিযানের সময় আমিরুল ইসলামের স্ত্রী মোছাঃ ফেরদৌসি পারভীন (৩৫) কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন, জাংগই (মাঠপাড়া) এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ আমিরুল ইসলাম এবং মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) এলাকার মোঃ হানিফ মন্ডলের ছেলে মোঃ রাসেল মন্ডল।
এ ঘটনায় হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত করছেন এসআই (নিঃ) সুজা মিয়া।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।