খেলাধুলা

বিশ্বকাপে সমর্থকদের জন্য ভিসা বন্ড শিথিল করল যুক্তরাষ্ট্র

  প্রতিনিধি ১৪ মে ২০২৬ , ১:২৭:৪৯ প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপ ফুটবল দেখতে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী কিছু সমর্থকের জন্য ভিসা বন্ড নীতিতে শিথিলতা আনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নিয়ন্ত্রণ উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি ৫০টি উন্নয়নশীল দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত জমা দিতে বলা হয়। নিজ দেশে ফেরার পর সেই অর্থ ফেরত দেওয়ার কথা রয়েছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তবে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপ ম্যাচে অংশ নেওয়া দলগুলোর সদস্যদের ক্ষেত্রে এই বন্ড প্রযোজ্য হবে না।

পাশাপাশি, অংশগ্রহণকারী দেশগুলোর যেসব সমর্থকের টিকিট রয়েছে এবং ভিসার জন্য চালু করা অগ্রাধিকার ব্যবস্থায় নাম নিবন্ধন করেছেন, তারাও ছাড় পাবেন।

যুক্তরাষ্ট্রের কনস্যুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরাহ নামদার বলেন, ‘আসন্ন বিশ্বকাপ টুর্নামেন্ট উপলক্ষে বৈধ ভ্রমণ সহজ করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার জোরদারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন ইতিহাসের ‘সবচেয়ে বড় ও সেরা ফিফা বিশ্বকাপ’ আয়োজন করতে চায়।

ফিফার এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘আজকের এই ঘোষণা আবারও প্রমাণ করল, সফল, রেকর্ড গড়া ও স্মরণীয় বৈশ্বিক আয়োজন নিশ্চিত করতে মার্কিন সরকার ও হোয়াইট হাউস টাস্কফোর্সের সঙ্গে আমাদের চলমান সহযোগিতা অব্যাহত রয়েছে।’

বিশ্বকাপে জায়গা পাওয়া পাঁচটি দেশ এমন তালিকায় রয়েছে, যাদের নাগরিকদের ভিসা বন্ড দিতে হয়। দেশগুলো হলোÑ আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়া।

এছাড়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা আরও অন্তত দুটি দেশের নাগরিকদের ওপর প্রায় পুরোপুরি যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে। দেশ দুটি হলো- পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র দেশ হাইতি ও ইরান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

ট্রাম্প প্রশাসন পশ্চিমা মিত্র দেশগুলোর দর্শনার্থীদের ক্ষেত্রেও নজরদারি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এখন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট পর্যালোচনার জন্য মার্কিন সরকারকে প্রবেশাধিকার দিতে হচ্ছে।

মেনডোজা ল ফার্মের এক গবেষণায় বলা হয়েছে, বিধিনিষেধের কারণে হাইতি থেকে কার্যত কোনো সমর্থকই দলটির ম্যাচ দেখতে যেতে পারবেন না।

গবেষণায় আরও বলা হয়, ভিসা বন্ডের আওতায় থাকা পাঁচটি বিশ্বকাপ অংশগ্রহণকারী দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলার গড়ে তিন বছরের আয়ের সমান।

আগামী ১১ জুন শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ।

যৌথভাবে আসরটি আয়োজন করছে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।

আরও খবর

Sponsered content