প্রচ্ছদ » সারাদেশ » শৈলকুপায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
শৈলকুপায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
তানভীর সরদার, স্টাফ রিপোর্টার: ২০ মে ২০২৬ , ১১:৫৯:২৯প্রিন্ট
সংস্করণ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তি ও কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাক সিডের ডিলার সুশান্ত কুমার প্যাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক কৃষিবিদ মো. কামরুল হাসান।
অনুষ্ঠানে আমন মৌসুমে ব্র্যাক সিডের উন্নত হাইব্রিড ধানের আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগবালাই দমন, সঠিক সার ব্যবস্থাপনা এবং অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন কার্যকর কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালাটি পরিচালনা করেন আঞ্চলিক ব্যবস্থাপক কৃষিবিদ মো. কামরুল হাসান। এ সময় সার্বিক সহযোগিতা করেন ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের কোটচাঁদপুরের সিনিয়র টিএসও মো. আল-আমিন।
দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন নির্বাচিত কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ব্র্যাক হাইব্রিড-১০ জাতের ধানের বীজ বিতরণ করা হয়।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর হাইব্রিড ধান চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।