অপরাধ

সিএনজির গোপন কুঠুরি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

  কক্সবাজার জেলা প্রতিনিধি ১০ জুন ২০২৬ , ৯:০২:৫২ প্রিন্ট সংস্করণ

কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশার গোপন কুঠুরি থেকে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়।

প্রাথমিক তল্লাশিতে কোনো মাদকদ্রব্য পাওয়া না গেলেও পরে গাড়িটি চেকপোস্টে নিয়ে বিস্তারিতভাবে পরীক্ষা করা হয়। এ সময় যাত্রীর আসনের নিচে বিশেষভাবে তৈরি করা একটি গোপন কুঠুরি শনাক্ত করা হয়। সেখানে লুকিয়ে রাখা অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মহেশখালী উপজেলার গোরঘাটা এলাকার মধ্যম সিপাহীরপাড়ার বাসিন্দা মো. আনচারুল করিম (৩৫) এবং উখিয়া উপজেলার মরিচ্যা পাগলির বিল এলাকার জান্নাত-আরা (২০)। বিজিবি জানিয়েছে, আটক নারীর সঙ্গে তার ৯ মাস বয়সী একটি শিশুও ছিল।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুস সাকীব খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর

Sponsered content