নওগাঁ প্রতিনিধি ১০ জুন ২০২৬ , ৯:১০:০৫ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলায় ২ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ শমসের আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১০ জুন) সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট মুল্লুক গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শমসের আলী ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট মুল্লুক গ্রামে মাদক কেনাবেচার তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শমসের আলীর বাড়ির পেছনে বাঁশঝাড় সংলগ্ন এলাকা থেকে ২ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে তাকে আটক করা হয়।
পরে উদ্ধারকৃত গাঁজা ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মান্দা থানায় হস্তান্তর করা হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। র্যাবের হস্তান্তর করা গাঁজাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
এদিকে স্থানীয় বাসিন্দারা র্যাবের এ অভিযানের প্রশংসা করে বলেন, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।




















