বিনোদন

ভারী মেকআপে বদলে গেল চেহারা, নতুন সিনেমায় অচেনা টম ক্রুজ

  প্রতিনিধি ১৫ জুলাই ২০২৬ , ১০:৫৫:৪৪ প্রিন্ট সংস্করণ

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজকে বড় পর্দায় বরাবরই অ্যাকশন হিরোর চরিত্রে দেখতে অভ্যস্ত দর্শক। তবে এবার তিনি হাজির হচ্ছেন সম্পূর্ণ ভিন্ন এক রূপে। নতুন সিনেমা ‘ডিগার’এর প্রথম ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই অভিনেতা। কারণ, ভারী মেকআপ ও প্রস্থেটিকসের ব্যবহারে ট্রেলারে তাকে প্রায় চিনতেই পারছেন না দর্শকেরা। আলেহান্দ্রো জি. ইনারিতু পরিচালিত সিনেমাটি আগামী ২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

‘৪০ বছরের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন চরিত্র’

সম্প্রতি ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে টম ক্রুজ জানান, এই চরিত্রে অভিনয়ের প্রস্তুতি ছিল তার ক্যারিয়ারের অন্যতম কঠিন অভিজ্ঞতা।

অভিনেতার ভাষ্যমতে, পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতু টানা কয়েক দিন ধরে পুরো চিত্রনাট্য তাকে পড়ে শোনান এবং প্রতিটি দৃশ্যের পেছনের ভাবনা ব্যাখ্যা করেন। এতে চরিত্রটির গভীরতা ও পরিচালকের দৃষ্টিভঙ্গি বোঝা সহজ হয়।

টম ক্রুজ বলেন, এই সিনেমার মতো চ্যালেঞ্জিং চরিত্র আমি আগে কখনও করিনি। আমার চার দশকের অভিনয়জীবনে এটি সবচেয়ে কঠিন অভিজ্ঞতাগুলোর একটি।

সাত বছরের পরিকল্পনার ফল ‘ডিগার’

অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও লন্ডন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতু জানান,‘দ্য রেভেন্যান্ট’ নির্মাণের পরই ‘ডিগার’-এর ধারণা তার মাথায় আসে। কয়েক বছর গল্প নিয়ে কাজ করার পর প্রায় সাত বছর আগে তিনি টম ক্রুজকে সিনেমাটির প্রস্তাব দেন।

পরিচালকের ভাষায়, এক পর্যায়ে টম ক্রুজ তাকে বলেছিলেন, এই চরিত্রে অভিনয়ের জন্য আমি যেন ৪০ বছর ধরে প্রস্তুতি নিয়েছি।

ইনারিতুর মতে, তাদের দুজনের কাছেই এটি এমন একটি প্রকল্প, যেখানে আগে কখনও কাজ করার অভিজ্ঞতা ছিল না।

অ্যাকশনের গণ্ডি পেরিয়ে নতুন চ্যালেঞ্জ

গত এক দশকে টম ক্রুজ মূলত ‘মিশন: ইম্পসিবল’সিরিজ এবং ‘টপ গান: ম্যাভেরিক’এর মতো বড় বাজেটের অ্যাকশন সিনেমায় অভিনয় করেছেন। তাই ‘ডিগার’ তার ক্যারিয়ারে ভিন্নধর্মী সংযোজন হিসেবে দেখা হচ্ছে। এর আগে ‘ট্রপিক থান্ডার’সিনেমায় লেস গ্রসম্যান চরিত্রে প্রস্থেটিকস ব্যবহার করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তবে ‘ডিগার’এ তার রূপান্তর আরও নাটকীয় বলে মনে করছেন সিনেমা-সংশ্লিষ্টরা।

ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে কৌতূহল বেড়েছে। বিশেষ করে টম ক্রুজের নতুন লুক এবং চরিত্রে তার অভিনয় কী চমক নিয়ে আসে, সেদিকেই এখন নজর সিনেমাপ্রেমীদের।

আরও খবর

Sponsered content