অর্থ-বাণিজ্য

আর্থিক অন্তর্ভুক্তির পরবর্তী ধাপ অর্থনৈতিক ক্ষমতায়ন: পিপিআরসি

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৬ , ২:৩৬:৫২ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তির পরবর্তী ধাপে কেবল সেবার আওতা বাড়ানোই যথেষ্ট নয়; বরং প্রান্তিক মানুষ ও উদ্যোক্তারা সেই সেবা ব্যবহার করে কতটুকু বিনিয়োগ, ব্যবসা সম্প্রসারণ ও কর্মসংস্থান তৈরি করতে পারছেন—সেটাই এখন মূল বিষয়। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন RESEARCH সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ২.০: পলিসি গোলস, ট্রানজ্যাকশনস ইকোলজি অ্যান্ড সাসটেইনেবল রোডম্যাপ’ শীর্ষক এক জাতীয় নীতি সংলাপে বক্তারা এই মতামত ব্যক্ত করেন। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই সংলাপে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এমপি।

সংলাপে পিপিআরসির ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ২.০’ ধারণা উপস্থাপন করে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ক্ষুদ্রঋণ, এমএফএস ও এজেন্ট ব্যাংকিংয়ে অগ্রগতি হলেও তা এখনো কাঙ্ক্ষিত অর্থনৈতিক ক্ষমতায়নে রূপ নেয়নি। বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জামানতমুক্ত ও সহজ শর্তে ঋণ পৌঁছানোকে তিনি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। পিকেএসএফের নির্বাহী পরিচালক ড. ফজলুল কাদের মূলধন গঠন ও কর্মসংস্থানমুখী ‘প্রসপারিটি ফাইন্যান্সিং’-এর ওপর গুরুত্ব দেন। অন্যদিকে পেমেন্ট ও ক্রেডিট কাঠামোর মধ্যে কার্যকর সংযোগ এবং স্বল্প খরচে ক্রেডিট স্কোরিং ব্যবস্থার পরামর্শ দেন যথাক্রমে ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ ও ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ। এছাড়া ব্যাংকের সিআইবির সঙ্গে এমএফআই সিআইবি যুক্ত করার জোর তাগিদ দেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে বিকাশের সিইও কামাল কাদির, জাইটুন বিজনেস সলিউশনসের চেয়ারম্যান মো. আরফান আলী, নগদের চেয়ারম্যান কায়সার এ. চৌধুরী এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিইও সৈয়দ মাহবুবুর রহমান ডিজিটাল রূপান্তরে সার্বিক পরিবেশগত প্রস্তুতি, ইন্টারঅপারেবিলিটি, এজেন্ট নেটওয়ার্কের সুরক্ষার পাশাপাশি প্রতিটি অংশীদারের জন্য ব্যবসায়িক প্রণোদনা বজায় রাখার বিষয়ে আলোচনা করেন। এছাড়া ইন্টারনেট ডেটা ব্যবসার বাধা দূর করতে ভয়েসের ফ্লোর প্রাইস পর্যালোচনার তাগিদ দেন রবির সাবেক সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং সরকারি নীতির সামঞ্জস্যতার কথা বলেন এনবিআরের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মাজিদ।

প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের মতোই শক্তিশালী ইন্টারনেট সংযোগ দেশের মৌলিক অর্থনৈতিক পরিকাঠামোর অংশ এবং সুনির্দিষ্ট সুরক্ষাকবচ (গার্ডরেল) নিশ্চিত করেই ডিজিটালাইজেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সেবা এগিয়ে নিতে হবে। তিনি জানান, মন্ত্রিসভায় অনুমোদিত ‘ওয়ান সিটিজেন, ওয়ান ওয়ালেট’ উদ্যোগটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সমাপনী বক্তব্যে ড. হোসেন জিল্লুর রহমান জানান, এ সংলাপের আলোচনার ভিত্তিতে পিপিআরসি শিগগিরই একটি বিস্তৃত নীতিপত্র তৈরি করবে, যা টেকসই আর্থিক ক্ষমতায়ন ও নতুন কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে।

আরও খবর

Sponsered content