খেলাধুলা

জুভেন্টাসের নতুন পরিকল্পনায় যেসব তরুণ ফুটবলার

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৬ , ৫:১৪:২৮ প্রিন্ট সংস্করণ

জুভেন্টাসে ইতালিয়ান খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে চান ক্লাবটির প্রধান নির্বাহী জিওভান্নি কার্নেভালি। সেই পরিকল্পনায় ভবিষ্যতের জন্য তরুণ ইতালিয়ানদের দলে ভেড়ানোর চেষ্টা শুরু করেছে তুরিনের ক্লাবটি। তালিকায় আছেন ব্রেন্টফোর্ডের ডিফেন্ডার মাইকেল কায়োদে ও কালিয়ারির মিডফিল্ডার আলেসান্দ্রো রোমানো।

ত্রেন্তো স্পোর্টস ফেস্টিভ্যালে জুভেন্টাসের পরিকল্পনার কথা জানিয়েছেন কার্নেভালি। তার ভাষায়, ‘আমার ভাবনা হলো, জুভেন্টাসে আরও একটু ইতালিয়ান পরিচয় ফিরিয়ে আনা এবং আরও ইতালিয়ান খেলোয়াড় নিয়ে আসা। ভালো ইতালিয়ান খেলোয়াড় পাওয়া এখন সহজ নয়। তবে আমাদের ইচ্ছা আছে তরুণ ও সম্ভাবনাময় খেলোয়াড়দের দলে আনার।’

এই পরিকল্পনায় অন্যতম লক্ষ্য কায়োদে। জুভেন্টাসের যুব একাডেমিতে বেড়ে ওঠা ২১ বছর বয়সী এই রাইট-ব্যাক পরে ফিওরেন্তিনায় যোগ দেন। ২০২৫ সালের জানুয়ারিতে সেখান থেকে ব্রেন্টফোর্ডে পাড়ি জমান তিনি। এরপর থেকেই তার উন্নতির দিকে নজর রেখে আসছে জুভেন্টাস।

কায়োদেকে আবার তুরিনে ফেরানো অবশ্য সহজ হবে না। প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডে তার মূল্য বেড়েছে, ফলে তাকে দলে টানতে জুভেন্টাসকে বড় অঙ্কের অর্থ খরচ করতে হতে পারে।

মিডফিল্ডেও ইতালিয়ান তরুণদের দিকে নজর জুভেন্টাসের। কালিয়ারির ২০ বছর বয়সী আলেসান্দ্রো রোমানোকে পছন্দ জুভেন্টাসের স্পোর্টিং ডিরেক্টর ফেদেরিক মাসারার। রোমানোকে রোমায় থাকতেই চিনতেন মাসারা। গত জানুয়ারিতে তাকে স্পেজিয়ায় ধারে পাঠানোর প্রক্রিয়াতেও ভূমিকা ছিল তার।

সম্প্রতি ইতালি জাতীয় দলে অভিষেক হয়েছে রোমানোর। এরপর তার প্রতি আগ্রহ বেড়েছে দেশের শীর্ষ ক্লাবগুলোর। জুভেন্টাসের পাশাপাশি ইন্টার মিলানও তার ওপর নজর রাখছে।

কায়োদে ও রোমানো ছাড়াও আরও কয়েকজন ইতালিয়ান তরুণকে পর্যবেক্ষণে রেখেছে জুভেন্টাস। তাদের মধ্যে আছেন ফ্রোসিনোনের গোলরক্ষক লোরেঞ্জো পালমিসানি ও ফরোয়ার্ড আন্তোনিও রাইমোন্দো।

আরও খবর

Sponsered content