সারাদেশ

নেত্রকোনায় ফরম পূরণে বাড়তি টাকা আদায়ের অভিযোগ

  নেত্রকোনা প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ , ১:০৫:১৬ প্রিন্ট সংস্করণ

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা-২০২৭-এর ফরম পূরণে শিক্ষা বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বাড়তি টাকা নেওয়ার পর কোনো রসিদ দেওয়া হচ্ছে না এবং টাকা কম থাকায় এক শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারও করা হয়েছে।

গত ১৬ নভেম্বর থেকে বিদ্যালয়টিতে ফরম পূরণ শুরু হয়। শিক্ষা বোর্ড থেকে ফরম পূরণের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩১৫ টাকা। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ২০০ টাকা করে নিচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। এতে জনপ্রতি অতিরিক্ত ৮৮৫ টাকা আদায় করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী জানায়, অনেক কষ্টে পরিবার থেকে ৩ হাজার টাকা জোগাড় করে সে ফরম পূরণ করতে গিয়েছিল। নির্ধারিত ৩ হাজার ২০০ টাকার চেয়ে ২০০ টাকা কম হওয়ায় সহকারী ধর্মীয় শিক্ষক কাসেম মিয়া তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং টাকাগুলো ছুড়ে ফেলে দেন বলে অভিযোগ ওই শিক্ষার্থীর। এতে ফরম পূরণ না করেই ফিরে আসতে হয় তাকে।

সুরঞ্জিত তরফদার নামের এক অভিভাবক বলেন, “বোর্ড নির্ধারিত ফির চেয়ে অনেক বেশি টাকা চাওয়া হচ্ছে। টাকা নেওয়ার পর কোনো রসিদও দেওয়া হচ্ছে না।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী ধর্মীয় শিক্ষক কাসেম মিয়া ৩ হাজার ২০০ টাকা নেওয়ার কথা স্বীকার করে দাবি করেন, এটি ‘কেন্দ্র ফি’ বাবদ নেওয়া হচ্ছে। অথচ শিক্ষা বোর্ডের নির্ধারিত ২ হাজার ৩১৫ টাকার মধ্যেই কেন্দ্র ফি হিসেবে ৪৮৫ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এবং রসিদ না দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হকও অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, “আমরা সেশন ফি বাবদ বাড়তি টাকা নিচ্ছি। আমাদেরও তো কিছু বাড়তি খরচ আছে।” একই শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে নতুন করে সেশন ফি নেওয়ার বিধান আছে কি না—এমন প্রশ্ন করলে তিনি পরে কথা বলবেন বলে সংযোগ কেটে দেন।

এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষকদের অনুপস্থিতি এবং নির্ধারিত সময়ে প্রতিষ্ঠান না খোলায় পাঠদানে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া বিদ্যালয়ে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা না থাকায় শিক্ষার্থীদের কেবল মানবিক বিভাগেই পড়তে হচ্ছে। নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদেরও টাকার বিনিময়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার একটি অভিযোগও স্থানীয়দের মধ্যে রয়েছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, “শিক্ষা বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি জানার পরপরই প্রধান শিক্ষককে অতিরিক্ত টাকা না নিতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও টাকা নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content