রংপুর প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৬ , ৭:৩৩:৪৫ প্রিন্ট সংস্করণ
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী রংপুর জেলা ইজতেমা। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় নগরের দীপ আই কেয়ার হাসপাতালসংলগ্ন দর্শনা মোড়ের বানিয়াপাড়া ইজতেমা ময়দানে এই মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের শুরা সদস্য মাওলানা মুহাম্মদ মোশারফ হোসেন। এর আগে হেদায়েতি বয়ান দেন মাওলানা মুহাম্মদ সাকিবুজ্জামান।
আখেরি মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি কামনায় দোয়া করেন।
ইজতেমার শেষ দিনে মোনাজাতে অংশ নিতে শনিবার ভোর থেকেই রংপুর জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। বাস, ট্রাক ও কাভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমাস্থলে পৌঁছান।
মোনাজাত শুরুর আগেই ইজতেমার মূল মঞ্চসহ আশপাশের এলাকায় মুসল্লিদের ভিড় বাড়ে। রংপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ডসহ আশপাশের এলাকা থেকে আসা লোকজন ইজতেমা ময়দান, সড়ক ও বাসাবাড়িতে অবস্থান নেন।
এদিকে মুসল্লিদের যাতায়াত ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
ইজতেমা আয়োজক কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন জানান, রংপুরে এটি চতুর্থ জেলা ইজতেমা। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়।
তিনি জানান, ইজতেমায় বয়ান করতে সৌদি আরব, চীন, মরক্কো, ঢাকাসহ বিভিন্ন স্থানের প্রতিনিধিরা অংশ নেন।















