রাজনীতি

জুলাইয়ের ইতিহাস বিকৃতির চেষ্টা হলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে: বিরোধীদলীয় নেতা

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৬ , ১:২২:১৩ প্রিন্ট সংস্করণ

জুলাই বিপ্লবের ইতিহাস বিকৃত বা ভুলিয়ে দেওয়ার কোনো চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘জুলাইকে ভুলিয়ে দেওয়ার কোনো উল্টো সংগ্রাম যদি শুরু হয়ে থাকে, তাহলে মহান আল্লাহর ওপর ভরসা করে বলছি দেশবাসীকে সঙ্গে নিয়ে আমরা তা প্রতিহত করব।’

আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও ১৯৭১ সালের সব শহীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হয়নি। একই ভুল যেন ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রে না হয়। শহীদ, আহত ও অংশগ্রহণকারীদের রাষ্ট্রীয়ভাবে নির্ভুল তালিকা সংরক্ষণ করা প্রয়োজন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ইতিহাস সংরক্ষণ শুধু বেসরকারি উদ্যোগের বিষয় নয়, এটি সরকারেরও দায়িত্ব।

তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যে পরিবর্তন এসেছে এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির পর সেই পরিবর্তন আরও স্পষ্ট হয়েছে। আগে দেওয়া অনেক প্রতিশ্রুতি এখন ভুলে যাওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী সংসদে ৫ আগস্টের মধ্যে এটি প্রকাশের ঘোষণা দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।

গণতন্ত্র প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায়ই একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সর্বোচ্চ। সেই রায়ের বাইরে যাওয়ার সুযোগ নেই এবং জনগণের অধিকার ও আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা উচিত নয়।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘মেহেরবানি করে জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না। যাদের আত্মত্যাগের কারণে আজকের পরিবর্তন এসেছে, তাদের রক্ত যেন আর না ঝরে।’

তিনি আরও বলেন, দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্যের প্রয়োজন হলে জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে। তবে জনগণের মৌলিক অধিকার বিসর্জন দিয়ে কোনো আপস করা হবে না।

দেশের স্বার্থে সংগ্রাম অব্যাহত থাকবে এবং জেল, নির্যাতন বা মৃত্যুর ভয় তাদের দমাতে পারবে না, যোগ করেন বিরোধীদলীয় নেতা।

আরও খবর

Sponsered content