সারাদেশ

নেত্রকোনায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ১৬তম এজিএম অনুষ্ঠিত

  নেত্রকোনা প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ , ৮:৩০:৫১ প্রিন্ট সংস্করণ


নেত্রকোনা জেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সাফায়াত আহমাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান।

সভায় শিক্ষক ও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণে সমবায়ের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ক্লাব ডিরেক্টর (বৃহত্তর ময়মনসিংহ ‘ছ’ অঞ্চল) মো. সাইফুদ্দিন আহম্মেদ সবুজ, বাংলাদেশ বেসরকারি শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি মো. আশরাফুল ইসলাম, জেলা সমবায় অফিসার সুমন চন্দ্র পাল এবং সদর উপজেলা সমবায় অফিসার আনোয়ার হোসেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এ.বি. চৌধুরী নাদিম এবং কবি ও সাংবাদিক সৈয়দ সময়।

প্রধান অতিথি অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু বলেন, সমবায়ভিত্তিক এ প্রতিষ্ঠানটি শিক্ষক ও কর্মচারীদের দুর্দিনে পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর কার্যক্রম আরও সম্প্রসারণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং উপস্থিত সদস্যদের সম্মতিতে তা অনুমোদন দেওয়া হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মচারী অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content