সারাদেশ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থী আব্দুর রাকিবকে পুনরায় শোকজ

  নওগাঁ প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ , ৬:২১:২২ প্রিন্ট সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুর রাকিবকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পুনরায় শোকজ করা হয়েছে। এর আগেও তাকে একবার শোকজ করা হয়েছিল।

সম্প্রতি দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুর রাকিব তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ছবি ও দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ব্যবহার করে সংগীত সংযুক্ত একটি প্রচারণামূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওটির শিরোনাম ছিল— ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’। এ কার্যক্রমকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।

বুধবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে এ শোকজ নোটিশ জারি করা হয়। নোটিশে স্বাক্ষর করেন সিভিল জজ আদালতের বিচারক মো. শিমুল সরকার।

শোকজ নোটিশে বলা হয়েছে, অভিযোগের বিষয়ে কেন নির্বাচন কমিশনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন পাঠানো হবে না অথবা কেন অপরাধ আমলে গ্রহণপূর্বক বিচারকার্য সম্পন্ন করা হবে না— সে বিষয়ে আগামী ২৬ জানুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে নওগাঁর আত্রাইয়ে সিভিল জজ আদালতে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

আরও খবর

Sponsered content