মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর: ৬ মার্চ ২০২৬ , ৩:০৬:১৩ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের টঙ্গী বাজারের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
শুক্রবার (৬ মার্চ) রাত ১২টার দিকে টঙ্গী বাজারের মা সফুরউন নেছা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্র জানায়, রাত ১২টার দিকে মার্কেটের একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এ সময় স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত ১৫টি দোকান পুড়ে যায়।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা শাহীন আলম জানান, মার্কেটটিতে দরজা-জানালার পর্দা, থাই অ্যালুমিনিয়াম ও কেমিক্যালসহ বিভিন্ন ধরনের দাহ্য পণ্যের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১৩ থেকে ১৪টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনসহ স্থানীয় নেতাকর্মীরা। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সহানুভূতি জানান এবং ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।




















