সারাদেশ

ত্রিশালে এসিল্যান্ড মাহবুবুর রহমান জেলা পর্যায়ে দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা

  ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ২৭ এপ্রিল ২০২৬ , ১১:৫৪:৫৫ প্রিন্ট সংস্করণ

 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জেলা পর্যায়ে দ্বিতীয় শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জনে ত্রিশাল উপজেলাসহ সংশ্লিষ্ট মহলে আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ২৬ এপ্রিল জেলা প্রশাসনের নিয়মিত ২০২৬ সালের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়। ভূমি সেবায় দক্ষতা, স্বচ্ছতা এবং জনবান্ধব কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তাঁর ভূমিকা বিশেষভাবে মূল্যায়িত হয়েছে। নামজারি, খতিয়ান প্রদান, ভূমি বিরোধ নিষ্পত্তি এবং ডিজিটাল সেবা বাস্তবায়নে তিনি উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ত্রিশাল ভূমি অফিসে সেবার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেন। জনগণের ভোগান্তি কমাতে দ্রুত সেবা নিশ্চিত করা, দালালচক্র নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আনতে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।

সচেতন মহলের মতে, এটি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; বরং ত্রিশাল উপজেলার জন্যও গর্বের বিষয়। ভবিষ্যতেও তিনি একইভাবে জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন—এমন প্রত্যাশা সবার।

মাহবুবুর রহমান বলেন, “যেকোনো স্বীকৃতি কাজের অনুপ্রেরণা জোগায়। আমি চেষ্টা করেছি সরকারি সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছায়। এই অর্জন পুরো ভূমি অফিসের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতে ত্রিশালের ভূমি সেবাকে শতভাগ জনবান্ধব করা আমার লক্ষ্য।”

উল্লেখ্য, জেলা প্রশাসনের মূল্যায়নে বিভিন্ন সূচকের ভিত্তিতে কর্মকর্তাদের পারফরম্যান্স যাচাই করে শ্রেষ্ঠ কর্মকর্তাদের নির্বাচন করা হয়ে থাকে।

আরও খবর

Sponsered content