প্রতিনিধি ২২ জুন ২০২৬ , ১০:২৫:৫৮ প্রিন্ট সংস্করণ
রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জামিন বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল রোববার রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত জামিন বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা মাজাইল গ্রামের মো. হোসেন আলী বিশ্বাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাট্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়ি-বাংলাট ও পাট্রা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় জামির বিশ্বাস গুরুতর আহত হলে তাকে প্রথম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




















