মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ৫ নভেম্বর ২০২৫ , ৩:৪৭:১৫ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২টি বন্য পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। পরে উদ্ধার করা পাখিগুলোকে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) সারাদিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়। বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম এর নির্দেশনায় রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান এবং বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সাবরিনা সাইদা শিমু এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাখি প্রেমিক সোসাইটি’-এর সদস্যরা। সাতছড়ি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবুল হোসেন অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযানকালে দিঘীরপাড়, দুর্গানগর, শিয়ালউড়ি, হরসপুর বাজার, চৌমুহনী ও ধর্মঘর এলাকায় তল্লাশি চালিয়ে ৫টি ঘুঘু, ৫টি শালিক ও ২টি ডাহুক উদ্ধার করা হয়। এ সময় শিকারি সরঞ্জামও জব্দ করা হয়।
‘পাখি প্রেমিক সোসাইটি’র সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বলেন, “আমরা আজীবনের ঝুঁকি নিয়ে পাখি উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করি। অনেক সময় আমাদের মূল্যায়ন করা হয় না, তবুও নিঃস্বার্থভাবে কাজ চালিয়ে যাচ্ছি।”
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সাবরিনা সাইদা শিমু বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার বা আটক রাখা দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।”
বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম বলেন, “বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”





















