প্রচ্ছদ » সারাদেশ » বিএনপির জন্ম হয়েছে সংস্কার করার জন্য : ডা. জাহিদ হোসেন
বিএনপির জন্ম হয়েছে সংস্কার করার জন্য : ডা. জাহিদ হোসেন
মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ৮ নভেম্বর ২০২৫ , ৬:০০:২৮প্রিন্ট
সংস্করণ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের ৮ নং ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি জন্মলগ্ন থেকেই সংস্কার, পরিবর্তন ও আধুনিক রাষ্ট্র গঠনের রাজনীতিতে বিশ্বাসী। মিথ্যাচার করে বিএনপির ইতিহাস বিকৃত করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই দেশ সাক্ষী দিবে, এ দেশের মানুষ বলবে, দেশের ইতিহাস বলবে, বিএনপির ইতিহাস হলো সংস্কারের ইতিহাস। মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশকে এগিয়ে নেওয়ার ইতিহাস।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, কেউ কেউ একটি পাতা ধরে বলছেন বিএনপি নাকি সংস্কারকে বিশ্বাস করে না। তিনি প্রতিক্রিয়ায় বলেন, যখন তোমরা জন্মাওনি, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশালের কবরের ওপর বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। পরে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসনব্যবস্থার পরিবর্তে আজকের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। বিএনপির জন্মই হয়েছে দেশকে সংস্কারের মাধ্যমে এগিয়ে নেওয়ার জন্য।
তিনি বলেন, বিএনপি কথা নয়, কাজে বিশ্বাস করে। জনগণের আশা–আকাঙ্ক্ষাকে ধারণ, লালন ও বাস্তবে রূপায়িত করাই দলের লক্ষ্য। তাই ৩১ দফা জাতীয় ঘোষণা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি সকলকে আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লেলিন, ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন মোফা, পৌর যুবদলের সদস্য-সচিব সজীব কবির এবং পৌর জিয়া পরিষদের সদস্য সচিব আনোয়ার হোসেন ডাবলু।
এ ছাড়া সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় নারী-পুরুষ উপস্থিত ছিলেন।