প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ , ৮:৪২:০৬ প্রিন্ট সংস্করণ
‘কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ মানব সভ্যতার জন্য আশীর্বাদ নয়, অস্তিত্বের সংকট’ শীর্ষক বিতর্কে বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজকে পরাজিত করে ‘আন্তঃশাহীন বিতর্ক প্রতিযোগিতা’র চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা।
আজ বুধবার প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে চার দিনব্যাপী এ আয়োজন শেষ হয়। বিমান বাহিনী পরিচালিত দেশের ১০টি বিএএফ শাহীন স্কুল ও কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থী এতে অংশ নেয়।
সমাপনি ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুশাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন, রানারআপসহ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতাটি মডারেটর হিসেবে পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠান বিএএফ শাহীন কলেজ ঢাকা’র অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী। চারদিন ব্যাপি অনুষ্ঠিত এ আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং কম্পিটিশন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বাংলাদেশের ১০টি বিএএফ শাহীন স্কুল ও কলেজের প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে এয়ার ভাইস মার্শাল রুশাদ দীন আছাদ বলেন, সংসদে দাড়িয়ে যুক্তি সহকারে তথ্য উপস্থাপন করা, নিজের বক্তব্য জোরালোভাবে উপস্থাপন করে মনোযোগ আকর্ষণ করার ভিত্তি এই বিতর্কের মঞ্চ। প্রতিদ্বন্দ্বীদের শত্রুতার চোখে না দেখে যুক্তির মাধ্যমে সবকিছু মোকাবেলা করতে হবে। এই ধরনের প্রতিযোগিতা জ্ঞানের বিকাশ, চিন্তাশক্তি বাড়ানো ও নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের আয়োজন অব্যাহত রেখে শুদ্ধ উচ্চারণ ও হাতের লেখার প্রতি যত্নশীল হওয়ার আহবান জানান তিনি।





















