প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৬ , ২:০৫:৪১ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের মানুষের গড় আয়ু ভারত ও পাকিস্তানের তুলনায় বেশি বলে এক পরিসংখ্যানে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ডব্লিউএইচওর সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতে গড় আয়ু ছিল ৭১ বছর এবং পাকিস্তানে ৬৮ দশমিক ২ বছর।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও কানাডায় মানুষের গড় আয়ু আরও বেশি। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে গড় আয়ু ছিল ৭৮ দশমিক ৫ বছর এবং কানাডায় ৮১ দশমিক ৪ বছর।
তবে গড় আয়ু বেশি হওয়ার অর্থ এই নয় যে মানুষ দীর্ঘ সময় সুস্থভাবে বেঁচে থাকছেন। সামগ্রিক গড় আয়ুর তুলনায় সুস্বাস্থ্যের সঙ্গে কাটানো বছরের সংখ্যা এখনও কম।
জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি গত শুক্রবার (২ অক্টোবর) সর্বশেষ এই পরিসংখ্যান প্রকাশ করে।
মহামারির ধাক্কা কাটিয়ে ফিরেছে গড় আয়ু
ডব্লিউএইচও আরও জানায়, করোনাভাইরাস মহামারির আগে বিশ্বের গড় আয়ু যে পর্যায়ে ছিল, ২০২৩ সালের মধ্যে তা প্রায় সেই অবস্থায় ফিরে এসেছে।
২০২৩ সালে বিশ্বে গড় আয়ু দাঁড়ায় ৭৩ দশমিক ৩ বছর। ২০১৯ সালে, অর্থাৎ কোভিড-১৯ মহামারি শুরুর আগে, এই হার ছিল ৭৩ দশমিক ৪ বছর।
তবে মহামারির সময়ে বিশ্বজুড়ে গড় আয়ুতে বড় ধরনের পতন ঘটে। ২০২১ সালে বৈশ্বিক গড় আয়ু কমে ৭১ দশমিক ৫ বছরে নেমে আসে। এর প্রধান কারণ ছিল কোভিড-১৯-এর ব্যাপক প্রভাব।
ডব্লিউএইচওর ডেটা বিভাগের প্রধান অ্যালাঁ ল্যাব্রিক বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধি জনস্বাস্থ্যের ক্ষেত্রে বড় অর্জন। তবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষকে দীর্ঘ সময় বাঁচার পাশাপাশি সুস্থ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা।





















