প্রচ্ছদ

মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় দুই শতাধিক অভিযুক্ত, চার্জশিট দিচ্ছে ফেনী পুলিশ

  মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ২৩ জুলাই ২০২৫ , ৩:৩৫:৪৮ প্রিন্ট সংস্করণ

২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত কলেজ ছাত্র মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় দুই শতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দিতে যাচ্ছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের সাবেক নেতারা।

ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, চলতি জুলাই মাসের মধ্যেই এ মামলার চার্জশিট আদালতে দাখিলের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। দীর্ঘ তদন্ত শেষে মামলাটির চার্জশিটে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে প্রায় ২১৬ জন আসামির।

 অভিযুক্তদের তালিকায় যারা রয়েছেন—

  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

  • ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী

  • ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী
    এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বহু সাবেক জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা এবং যুবলীগ কর্মীদের নামও রয়েছে চার্জশিটে।

২০২৪ সালের ৪ আগস্ট, ফেনী শহরের মহিপালে ‘একদফা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর কর্মসূচিতে অংশ নেওয়ার সময় মাথায় গুলিবিদ্ধ হন কলেজ ছাত্র মাহবুবুল হাসান মাসুম (২৫)। তিন দিন আইসিইউতে থাকার পর ৭ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

মাসুম ছিলেন সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের বাসিন্দা এবং আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের স্নাতক।

নিহতের ভাই মো. মাহমুদুল হাসান ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ফেনী মডেল থানায় ১৬২ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০০-৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, এ পর্যন্ত এজাহারনামীয় ১২ জন এবং সন্দেহভাজন ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে তিনজন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নিহতের ভাই মাহমুদুল হাসান বলেন,“আমার ভাইয়ের মাথায় গুলি চালিয়ে তাকে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়ে ন্যায়বিচারের পথ সুগম করা হোক।”

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতাদের অভিযুক্ত করাকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, চার্জশিটটি বিচারিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠতে পারে— যদি এটি যথাযথ প্রক্রিয়ায় তদন্ত ও বিচার নিশ্চিত করতে সক্ষম হয়।

ফেনী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মামলার চার্জশিটটি আদালতে জমা পড়লে পরবর্তী প্রক্রিয়ায় বিচার কার্যক্রম শুরু হবে এবং জামিন বা গ্রেপ্তার পরোয়ানার বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

দেশজুড়ে নজর কাড়ছে এই মামলা; এখন দেখার বিষয়— বিচারিক প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।

আরও খবর

Sponsered content