আইন-আদালত

শিক্ষিকা মৃত্যুর মামলায় রিমান্ড শেষে তিন আসামি কারাগারে

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৬ , ৮:০৩:৪৬ প্রিন্ট সংস্করণ

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর টানে অটোরিকশা থেকে পড়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনের (৫৬) মৃত্যুর মামলায় তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন—পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী, সেড্রিক জুলিয়ান ও রাকিব হোসেন। এদিন ৫ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

শুনানিকালে তবে আসামিদের পক্ষে জামিনের আবেদন ছিল না। ৩১ আগস্ট আসামিদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত ৩০ আগস্টঅভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-২। এসময় ছিনতাইয়ে ব্যবহৃত ইয়ামাহা আর ১৫ মোটরসাইকেল জব্দ করা হয়।

মামলার বিবরণে বলা হয়— রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ অগাস্ট চোখের ডাক্তার দেখানোর উদ্দেশ্যে স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটের দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেট সংলগ্ন পাকা রাস্তায় অটোরিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে সজোরে টান দেয়।ছিনতাইকারীর টানে তিনি চলন্ত রিকশা থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় গত রোববার মামলা দায়ের করেন।

আরও খবর

Sponsered content