আইন-আদালত

লালবাগে গণপিটুনিতে ‘কিলার বাবু’ নিহত

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৫ , ২:০৭:৩৮ প্রিন্ট সংস্করণ

রাজধানীর লালবাগে গণপিটুনিতে মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে শহীদনগর লোহার ব্রিজ এলাকায় নেশাগ্রস্ত হয়ে মাতলামি করলে এ ঘটনা ঘটে।

আজ রবিবার সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় নেশাগ্রস্ত হয়ে মাতলামি করলে তৌফিকুলকে পিটুনি দিয়ে আজিমপুর আর্মি ক্যাম্পে খবর দেয় উত্তেজিত জনতা।

সেনাবাহিনীর কাছে পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল রাত ২টার পর তাদের কাছে তথ্য আসে লোহারপুল এলাকায় একটি গণপিটুনির ঘটনা ঘটেছে। খবর পেয়ে তারা সেখানে গিয়ে বাবুকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ক্যাম্পে নেওয়া হয়। ক্যাম্পের নেওয়ার পরে ভোর রাতের দিকে সে আবার অসুস্থ বোধ করে। তখন আবার তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে নেওয়ার পর সকাল আনুমানিক ৮টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, ‘নিহত ব্যক্তি এলাকায় ‘কিলার বাবু’ ওরফে ‘টেরা বাবু’ নামে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে লালবাগ থানায় মাদক সংশ্লিষ্ট অভিযোগসহ ৮ থেকে ১০টি মামলা রয়েছে।’

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

আরও খবর

Sponsered content