প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৫:১৪:১৮ প্রিন্ট সংস্করণ
সিলেট প্রতিনিধি :
সাপ্তাহিক সিলেটের তথ্য পত্রিকার প্রকাশক আতাউর রহমান (কলা মিয়া) আর নেই।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।
দীর্ঘদিন ধরে ব্রেইন স্ট্রোকজনিত কারণে তিনি শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মরহুম হাজী হাবিবুর রহমানের পুত্র। ২০০০ সাল থেকে তিনি নিজ মালিকানায় সিলেটের তথ্য পত্রিকা প্রকাশ করে আসছিলেন।
বুধবার বাদ আসর ঢাকাদক্ষিণ বাজার মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
আতাউর রহমানের মৃত্যুতে বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবসহ সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম রুমন ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রুহুল ইসলাম মিঠু, সহ-সভাপতি আমিন রশীদ ফোহাদ, সিনিয়র সহ-সভাপতি এম. গৌছুজ্জামান চৌধুরী, যুগ্ম সম্পাদক আর.কে. দাস চয়ন, ব্যবস্থাপনা সম্পাদক নূরুদ্দীন রাসেল, দপ্তর ও অর্থ সম্পাদক কামাল আহমদ, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক হাফিজুল ইসলাম লস্কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক আহমদ, কার্যনির্বাহী সদস্য ইসমাঈল আলী টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দও গভীর শোক প্রকাশ করেছেন।




















