মো: গোলাম কিবরিয়া , রাজশাহী জেলা প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ২:৪০:১৪ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর বাঘা উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটি পশ্চিম পাড়ায় এক বিধবা নারী স্বামী মারা যাওয়ার নয় বছর পর সন্তানের জন্ম দিয়েছেন। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিধবা কারিমন বেওয়া দাবি করেছেন, নবজাতকের বাবা স্থানীয় সাবেক ইউপি সদস্য শুকচান্দ আলীর ছেলে সাইফুল ইসলাম। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত সাইফুল আত্মগোপনে রয়েছেন।
কারিমন বেওয়া জানান, ২০১৬ সালে স্বামী আকছেদ আলীর মৃত্যু হয়। এরপর তিন সন্তানের দায়িত্ব নিয়ে কষ্টে জীবন চলছিল। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে সাইফুল ইসলামের সঙ্গে তার সম্পর্ক হয়। এক পর্যায়ে গর্ভবতী হলে সন্তান নষ্ট করার চেষ্টা করেন সাইফুল, কিন্তু ব্যর্থ হন। শেষে রোববার (২১ সেপ্টেম্বর) তিনি নিজ বাড়িতে পুত্র সন্তানের জন্ম দেন।
এ নিয়ে কারিমন বেওয়া বলেন, “সাইফুল বিয়ে করার কথা বলে আমার সঙ্গে অন্যায় করেছে। আমি তার বিচার চাই এবং সন্তানের পিতৃ পরিচয় চাই।”
অন্যদিকে সাইফুল ইসলামের স্ত্রী দাবি করেন, তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য শামীম সরদার বলেন, বিষয়টি প্রকাশ্যে আসায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কারিমন বেওয়ার স্বজনরাও নবজাতকের স্বীকৃতি দাবি করছেন।
চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




















