মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: ১৬ অক্টোবর ২০২৫ , ৮:৩২:৩৭ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বিরামপুরে বুধবার যাত্রীর জন্য দাড়িয়ে থাকা অটোরিকশাকে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন অটোরিকশা চালক আতিয়ার রহমান (৪৬)।
বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে ফলপট্রির সামনের সড়কে (১৫ অক্টোবর) সন্ধ্যায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আতিয়ার রহমান পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার চক সাহাবাজপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
জানা যায়, নিহত আতিয়ার রহমান প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বিরামপুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কে যাত্রী পরিবহন করছিলেন। সন্ধ্যার দিকে ঢাকা মোড়ে ফলপট্রির সামনে যাত্রীর অপেক্ষায় থাকার সময়ে একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই ঘাতক ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। স্থানীয় ব্যক্তিরা চেষ্টা করেও ট্রাকটি আটকাতে পারেনি।
পরিবারের উপার্জনক্ষম আতিয়ার রহমানের মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি। সহকর্মী অটোচালকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার চালানোর তাগিদে প্রতিদিনের মতো কাজ করতে গিয়েই প্রাণ গেল তাঁর।
আলাদা বাইপাস সড়ক না থাকায় বিরামপুর পৌর শহরের মধ্য দিয়ে চলা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনায় মানুষজন নিহত ও আহত হচ্ছে। বিশেষ করে পৌর শহরের মধ্যে দ্রুত গতির ট্রাক চলাচলে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বিরামপুরে কোন বাস টার্মিনাল ও রিকশা স্ট্যান্ড না থাকায় যত্রতত্র বাস ও অটোরিকশা দাড়িয়ে যাত্রী উঠানামা করাতেও নিয়মিত দুর্ঘটনা ঘটছে। ঘন ঘন সড়ক দুর্ঘটনা রোধে যত তাড়াতাড়ি সম্ভব বিরামপুর শহরের বাইরে আলাদা বাইপাস সড়ক নির্মাণ সহ বাস টার্মিনাল ও রিকসা স্ট্যান্ড নির্মাণের দাবি জানিয়েছেন বিরামপুরের সচেতন মহল।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।














