প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৫ , ৭:০৪:০৯ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের টঙ্গী মরকুন মধ্যপাড়ায় রাস্তার পাশের মাটির নিচ থেকে নবজাতকের কান্না শুনে স্থানীয়রা উদ্ধার করেছেন এক নবজাতককে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কান্নার শব্দ শুনে পথচারীরা মাটি সরিয়ে কাপড়ে মোড়ানো শিশুটিকে দেখতে পান। শিশুটির বুকের ওপর চাপা ছিল একটি ইট। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং পরে স্থানীয় এক নিঃসন্তান নারী দত্তক নেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্দেহের ভিত্তিতে মহিউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া দম্পতি খালেদা ও স্বপনকে জিজ্ঞাসাবাদ করলে তারা নবজাতকটির মা–বাবা বলে স্বীকার করেন। খালেদা জানান, সেদিন সকালে তিনি ঘরেই সন্তান জন্ম দেন। এরপর স্বামীর সঙ্গে মিলে শিশুটিকে কাপড়ে মুড়িয়ে বাড়ির পাশে ছোট গর্তে রেখে মাটিচাপা দেন। কারণ হিসেবে তারা বলেন—অভাব-অনটনের কারণে নবজাতকের দায়িত্ব নিতে পারবেন না এই ভয় থেকেই এমন সিদ্ধান্ত নেন।
টঙ্গী পূর্ব থানার এসআই বায়েজিদ বলেন, দম্পতি অসুস্থ থাকায় বাড়িওয়ালার জিম্মায় রাখা হয়েছে। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নবজাতককে নিরাপদে দত্তক পরিবারে হস্তান্তর করা হয়েছে।
মানুষের কান্না শোনার অনুভূতিতে বাঁচা নবজাতকের এই ঘটনা পুরো এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি করেছে। স্থানীয়রা প্রশ্ন তুলছেন—দারিদ্র্য কি মানুষকে এমন নিষ্ঠুরতার দিকে ঠেলে দেয়?




















