মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর ১ ডিসেম্বর ২০২৫ , ৬:২৪:১৭ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ তাবলীগ জামাতের শুরা নেজামের অধীনে অনুষ্ঠিত পাঁচ দিনের জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টা ২০ মিনিটের দিকে ওজুখানার পাশে হঠাৎ স্ট্রোক করলে তিনি মারা যান।
নিহত মুসল্লির নাম আজিজুর রহমান (৬৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের পার্বত্যপুর দেওপুরা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম হাবিবুর সরদার।
তাবলীগ জামাত বাংলাদেশ শুরা নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আজিজুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইজতেমা মাঠে নিয়মিত বয়ান, নামাজ ও ধর্মীয় কার্যক্রম চলমান রয়েছে। ধারাবাহিক মৃত্যুর ঘটনায় মুসল্লিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ নিয়ে চলমান পাঁচ দিনের জোড় ইজতেমায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় জন।




















