মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৫ , ৪:৫৩:০০ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার গুরুত্বপূর্ণ নোয়াপাড়া রেলস্টেশনে স্থাপিত রেলওয়ে পুলিশ ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রেলস্টেশন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফাঁড়িটির কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম। তিনি বলেন, “রেলপথ দেশের সবচেয়ে নিরাপদ যোগাযোগ ব্যবস্থাগুলোর একটি। নোয়াপাড়া স্টেশনে স্থায়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপনের ফলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং ট্রেন চলাচলে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। ফাঁড়িটি চুরি, ছিনতাইসহ নানা অপরাধ দমনে দ্রুত ব্যবস্থা নিতে সহায়তা করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খাইরুল ইসলাম তালুকদার। তিনি বলেন, “নোয়াপাড়া রেলস্টেশনকে নিরাপদ রাখতে পুলিশ সদস্যরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। যাত্রীসেবা ও নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
এসময় উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. সোহেল, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও এলাকাবাসী।
বক্তারা বলেন, নতুন এই পুলিশ ফাঁড়ি চালু হওয়ায় রেলস্টেশনে জরুরি সেবাপ্রদান ও যাত্রী নিরাপত্তা বৃদ্ধি পাবে, মালামাল পরিবহন হবে ঝুঁকিমুক্ত, এবং রেললাইনসংলগ্ন এলাকায় অপরাধ দমন আরও সহজতর হবে।
স্থানীয়দের প্রত্যাশা, নোয়াপাড়া রেলস্টেশনে নতুন রেলওয়ে পুলিশ ফাঁড়ির মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে এবং রেলযাত্রা হবে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য।




















