খেলাধুলা

‘তাসকিন রেকর্ড ভাঙতে পারে’

  প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৫ , ৯:৪৪:০৭ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের পেস বিভাগ অনেক উন্নতি করেছে। পেস আক্রমণে রয়েছেন- মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, শরীফুল ইসলাম, নাহিদ রানারা। তারা ক্রিকেটবিশ্বে সমীহ আদায় করে নিয়েছেন। বাংলাদেশের পেসারদের নিয়ে কথা বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ডেলিভারির রেকর্ড গড়া পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। এবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের ‘মেন্টর’ হিসেবে কাজ করবেন তিনি।

২০০৩ বিশ্বকাপে কেপটাউনে ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.৩ কিলোমিটার (১০০.২৩ মাইল) গতিতে বোলিং করে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন শোয়েব। সেই রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের চাওয়া তার এই রেকর্ডটা যেন তাসকিন আহমেদ ভেঙে দেন।

গতকাল ঢাকার শেরাটন হোটেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তাসকিন আমার সর্বোচ্চ গতির রেকর্ড ভেঙে দিক।’ এ কথাটা বলতেই সংবাদ সম্মেলনে হাসির রোল পড়ে যায়।

শোয়েব আখতার বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে বলেন, ‘যে পেস ব্যাটারির কথা বলছেন, আমার মনে হয় তারা ভালো করছে। আমি সত্যিই আশা করি, তারা বিশ্বকাপে অনেক দূর যাবে। আমি আশা করি, বাংলাদেশ আসন্ন বিশ্বকাপে একটি শক্তি হিসেবে থাকবে।’

তরুণদের খেলাটা উপভোগ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘পেসারদের প্রতি আমার উপদেশ, নিজেকে উপভোগ করো। লম্বা চুল, শার্ট, লম্বা গোঁফ থাকে অনেকের। রান আপের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করো।’

অতীতের স্মৃতি রোমন্থন করে শোয়েব বলেন, ‘ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা শচীন টেন্ডুলকাল আমার প্রিয় খেলোয়াড়। তার হেলমেটে আঘাত করেছি। পাঁজর ভেঙে দিয়েছি। খারাপ লেগেছে আমার।’

আরও খবর

Sponsered content