মেহেরপুর প্রতিনিধি: ২০ জানুয়ারি ২০২৬ , ১২:৩০:২০ প্রিন্ট সংস্করণ
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মেহেরপুর শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় যুবনেতা আলমগীর হোসেনের উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেন মেহেরপুরের সর্বস্তরের জনগণ।
আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন দলের সভাপতি আনোয়ার শেখ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল হক সোহাগ, বিএনপি নেতা রোকনুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




















