ভুবন কুমার শীল, কুড়িগ্রাম | ২৫ জানুয়ারি ২০২৬ , ১১:৪৫:২৯ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের ১২টি ঘরসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঘড়িয়াল ডাঙা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিস্তা নদীর ওপাড়ে চর গতিয়াসাম গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আকস্মিক এই দুর্ঘটনায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে চরাঞ্চলের এসব পরিবার। বর্তমানে পরিবার-পরিজন নিয়ে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
চর গতিয়াসাম গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ হানিফ আলীর একটি ঘর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে পুরো বাড়ি প্রজ্জ্বলিত হয়ে ওঠে। এতে হানিফ আলী ও তার তিন পুত্রের বসতঘরসহ প্রতিবেশী এরশাদ আলীর পরিবারের টিনের ঘর, আসবাবপত্র, ধান-চাল, কাপড়চোপড় এবং নগদ অর্থ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও জানান, চরাঞ্চল হওয়ায় পর্যাপ্ত পানি ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের অভাবে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে খবর পেয়ে কাউনিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চরবাসীর সহযোগিতায় দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্ত হানিফ আলী বলেন, “কেমন করে বাড়িতে আগুন ধরেছে আমরা কিছুই জানি না। আমাদের সবকিছু আগুনে পুড়ে গেছে। আমরা নিঃস্ব হয়ে গেছি।”
এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কম্বল ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আগামীকাল সরেজমিনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিয়ে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কার্যকর সহায়তার দাবি জানিয়েছেন।














