খেলাধুলা

বড় জয়ে বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ

  প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ১০:৪২:০৭ প্রিন্ট সংস্করণ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের সেমিফাইনালে ওঠার স্বপ্ন আগেই ভেঙে গিয়েছিল। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটি ছিল অনেকটাই আনুষ্ঠানিকতার। তবু মাঠে নেমে দায়িত্বশীল ও দৃঢ় পারফরম্যান্সে ৭৪ রানের বড় জয় তুলে নিয়ে টুর্নামেন্ট শেষ করলেন আজিজুল হাকিমের দল।

‘বি’ গ্রুপে ভারতের কাছে হার, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়—এই ছিল বাংলাদেশের গ্রুপ পর্বের ফলাফল। তবে নিয়মের জটিলতায় যুক্তরাষ্ট্র সুপার সিক্সে না ওঠায় সেই জয়ের পয়েন্ট যোগ হয়নি বাংলাদেশের ঝুলিতে। ফলে মাত্র ১ পয়েন্ট নিয়েই সুপার সিক্সে জায়গা পায় যুব টাইগাররা।

সুপার সিক্সের প্রথম ম্যাচেই ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের কাছে হারের মধ্য দিয়ে সেমিফাইনালের সম্ভাবনা শেষ হয়ে যায়। হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটি তাই হয়ে ওঠে সম্মান বাঁচানোর লড়াই।

সে লড়াইয়ে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৫৯ রান তোলে বাংলাদেশ। অধিনায়ক আজিজুল হাকিম এবারের বিশ্বকাপে নিজের চতুর্থ ম্যাচে তৃতীয় হাফ সেঞ্চুরি করেন। ৮৭ বলে ৫৯ রান করে তিনি আউট হন। বড় ইনিংসের ইঙ্গিত দিলেও সেটিকে আর দীর্ঘ করতে পারেননি তিনি। অন্য ব্যাটসম্যানরাও উল্লেখযোগ্য অবদান রাখতে ব্যর্থ হন। ৬৮ বলে ৪৭ রান করে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন রিজান হোসেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯ দল। বাংলাদেশের পেসার ইকবাল হোসেনের আগুনে বোলিংয়ে মাত্র ১৭৯ রানেই গুটিয়ে যায় তারা, ইনিংসের ৮ বল বাকি থাকতেই। ১০ ওভারে তিনটি মেডেনসহ মাত্র ২৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন ইকবাল।

একপর্যায়ে ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে বড় ব্যবধানে হারের আশঙ্কায় পড়ে জিম্বাবুয়ের যুবারা। তবে সিমবারাসে মুডজেনগেরেরের ব্যাটে কিছুটা লড়াই দেখায় তারা। ১৭১ বলে ৭০ রানের ইনিংস খেললেও দলের হার এড়াতে পারেননি তিনি, কেবল ব্যবধানটাই কমিয়েছেন।

এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল—প্রাপ্তির চেয়ে আক্ষেপই যেখানে বেশি।

আরও খবর

Sponsered content