সারাদেশ

মেহেরপুরে বিসিক শিল্পনগরীর সামনে সড়ক দুর্ঘটনা, ৮ শ্রমিক আহত—৫ জনের অবস্থা গুরুতর

  মেহেরপুর প্রতিনিধি: ১ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৪৯:০৪ প্রিন্ট সংস্করণ

মেহেরপুরের বিসিক শিল্পনগরীর সামনে সড়ক দুর্ঘটনায় ৮ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যতারপুর এলাকা থেকে কয়েকজন শ্রমিক আলগামনে করে কাজের উদ্দেশ্যে গোপালপুরের দিকে রওনা দেন। পথে মেহেরপুর বিসিক শিল্পনগরীর সামনে মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া গোল্ডেন লাইন পরিবহন-এর একটি বাস পেছন থেকে শ্রমিকবাহী আলগামনটিকে ধাক্কা দেয়। ধাক্কায় আলগামনটি উল্টে গেলে এতে থাকা শ্রমিকরা গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানায়, আহত সবাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং গুরুতর আহত ৫ জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর গোল্ডেন লাইন পরিবহনের হেল্পার ও সুপারভাইজার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে বাংলাদেশ সেনাবাহিনী বাসটি আটক করে রাখে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content