সারাদেশ

সিলেট নগরজুড়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ছড়াছড়ি

  সিলেট প্রতিনিধি : ২ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৪৬:২৫ প্রিন্ট সংস্করণ

সিলেট নগরজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কোথাও রঙিন ব্যানার ও বিলবোর্ড, কোথাও আবার অপচনশীল পিভিসি প্লাস্টিক দিয়ে তৈরি ব্যানার ও ফেস্টুন সাঁটানো হয়েছে। বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি, সড়ক বিভাজকের বেড়া, ব্রিজ, এমনকি বিভিন্ন যানবাহনেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যানার ও ফেস্টুন চোখে পড়ছে।

নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার পর থেকেই এসব আচরণবিধি লঙ্ঘনের চিত্র প্রকাশ্যে দেখা গেলেও বিষয়টি যেন নির্বাচন কমিশন ও প্রশাসনের নজরে আসছে না—এমন অভিযোগ করছেন নগরবাসী।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে আর মাত্র ১০ দিন বাকি। ভোটের সময় যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণাও তত বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও। গত ২২ জানুয়ারি থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হয়।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না। পাশাপাশি রেক্সিন, পলিথিন, প্লাস্টিকসহ পরিবেশের জন্য ক্ষতিকর কোনো অপচনশীল উপাদানে তৈরি লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন বা ব্যানার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার দালান, দেওয়াল, গাছ, বেড়া, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি, সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনা এবং বাস, ট্রাক, ট্রেন, লঞ্চ, রিকশা, অটোরিকশা, লেগুনা, ট্যাক্সি বা অন্য কোনো যানবাহনে প্রচারসামগ্রী সাঁটাতে পারবেন না।

এছাড়াও ব্যানার, লিফলেট বা ফেস্টুনে পলিথিনের আবরণ কিংবা পিভিসি (প্লাস্টিক) ব্যানার ব্যবহারের ওপরও কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

তবে বাস্তব চিত্র ভিন্ন। সিলেটের ১৯টি সংসদীয় আসনের অধিকাংশ প্রার্থীই এসব নির্দেশনা মানছেন না বলে অভিযোগ রয়েছে। সিলেট নগরী ছাড়াও উপজেলা ও গ্রামগঞ্জজুড়ে ডিজিটাল পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।

সচেতন মহল মনে করছে, দ্রুত ব্যবস্থা না নিলে নির্বাচনী আচরণবিধি কার্যত অর্থহীন হয়ে পড়বে এবং পরিবেশেরও মারাত্মক ক্ষতি হবে।

আরও খবর

Sponsered content