শিক্ষা ও শিক্ষাঙ্গন

জবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:১৫:৪৪ প্রিন্ট সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধুপখোলায় ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর ইসলামিক স্টাডিজ বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

আহতদের মধ্যে রয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মো. খাইরুল ইসলাম, নাজমিস সাকিব ভূঁইয়া, মো. সালেহ উদ্দীন। সাংবাদিকদের মধ্যে আহত হয়েছেন দ্য ডেইলি স্টারের রাকিব মাদবর, দৈনিক আমার দেশের লিমন ইসলাম। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে আহত হয়েছেন নাঈমুর রহমান, রিফাত, মিন্টু, রাকিব মাজহার, সাজু আহমেদসহ আরো কয়েকজন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের খেলা ড্র হলে ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৩-২ গোলে ইসলামিক স্টাডিজ বিভাগ জয় লাভ করে। খেলা শেষ হওয়ার পর উভয় বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

পরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসায় হসপিটালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, ‘আমরা হেরে গিয়ে হতাশায় মাঠেই শুয়ে পড়ি। ওরা জিতে আমাদের দর্শকদের দিকে দৌড় দিয়ে আতর্কিতভাবে তাদের চেয়ার নিয়ে ধাক্কাধাক্কি শুরু করে। পরে দফায় দফায় মারামারি হয়। ঠেকাতে গিয়ে আমি নিজেও আহত হয়েছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘২০ জনের মতো আহত হয়েছেন। এই ঘটনা একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও খবর

Sponsered content