প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:৩২:৪০ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বিজয়ের দ্বারপ্রান্তের দিকে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি কুমিল্লার দেবীদ্বারে ভোট দেন এবং পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আমার আসনের এক লাখ ৩০০ ভোটার প্রথমবার ভোট দিচ্ছেন। সেই জায়গায় আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের পরিস্থিতি আরও পরিবর্তিত হবে। আমরা আশা করি, উৎসাহটা বজায় থাকবে এবং সবাই ভোট দিতে আসবে।”
তিনি আরও জানান, “গত দুইদিনে কিছু পক্ষ চেষ্টা করেছে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার। আমাকে ভোট দিলে বাড়িঘর জ্বালানোর হুমকি দেওয়া হয়েছে। এছাড়া দেবীদ্বারে যারা জুলাইয়ে গুলি চালিয়ে ইয়াসিন, সাব্বির, রুবেলদের হত্যা করেছে এবং ঋণ খেলাপিরা—তারা ভোট সুষ্ঠু না হওয়ার চেষ্টা করছে। তবে আশা করি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বিজয়ের দিকে এগোতে থাকব।”




















