মোঃ শাহ্ আলম মন্ডল , দিনাজপুর প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:২৭:০২ প্রিন্ট সংস্করণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রশাসন কোনো প্রকার প্রভাব, সুপারিশ বা পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে আইনকে তার নিজস্ব গতিতে পরিচালনা করবে। অপরাধী যেই হোক না কেন, কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান—এই নীতিতেই রাষ্ট্র পরিচালিত হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নবাবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলা সফরের অংশ হিসেবে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কেউ যদি আমার বোন বা ভাইও হয়ে থাকে, তবুও আইন তার নিজস্ব গতিতে চলবে। ব্যক্তিগত সম্পর্ক, রাজনৈতিক পরিচয় কিংবা সামাজিক অবস্থান—কোনোটিই আইনের প্রয়োগে বাধা হতে পারে না। প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
তিনি আরও বলেন, দেশে বেআইনি কর্মকাণ্ড, সন্ত্রাস, চাঁদাবাজি, সরকারি গাছ কাটা, ঘুষ-দুর্নীতি, জমি দখলসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। অপরাধ দমনে প্রশাসনের ভূমিকা হতে হবে দৃঢ় ও আপসহীন। অপরাধী যেই হোক, কোনো প্রকার পক্ষপাত বা সুপারিশের সুযোগ থাকবে না।
মন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়ে বলেন, মাদক সমাজকে ধ্বংস করে দেয়, পরিবারকে বিপর্যস্ত করে এবং তরুণ প্রজন্মকে বিপথে নিয়ে যায়। মাদক নির্মূলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, ২৯ বিজিবি-এর অধিনায়ক লে. কর্ণেল জাবের বিন জব্বার, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান, নবাবগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার হারেজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
মন্ত্রী আরও বলেন, সমাজে সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সম্মান করতে হবে। বিশেষ করে আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা রক্ষায় প্রশাসনকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনে সবার সমান অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক প্রশাসন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করেন এবং মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।




















