বরুণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রতিনিধি: ১৭ মার্চ ২০২৬ , ১১:৪৯:৪২ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার তালা উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরার গঠিত উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ক্রীড়াবিদ নন এমন একজনকে ক্রীড়াবিদ হিসেবে উল্লেখ করে কমিটিতে অন্তর্ভুক্ত করায় স্থানীয়ভাবে সমালোচনার ঝড় উঠেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর থেকে সোমবার (১৬ মার্চ) তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন হোসনে আরা। যোগদানের পরপরই তিনি সাত সদস্যের একটি এ্যাডহক কমিটি গঠন করেন। এতে ইউএনও আহ্বায়ক, সদস্য হিসেবে ওসি, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা এবং ক্রীড়াবিদ হিসেবে মোস্তাফিজুর রহমান রেন্টুকে রাখা হয়। সদস্য সচিব করা হয় স্থানীয় ক্রীড়া সংগঠক ও সহকারী শিক্ষক ওলিয়ার রহমানকে।
কমিটি ঘোষণার পরপরই অভিযোগ ওঠে, মোস্তাফিজুর রহমান রেন্টু ক্রীড়াবিদ নন। তাকে ক্রীড়াবিদ পরিচয়ে অন্তর্ভুক্ত করায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় ক্রীড়াঙ্গনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত নন এমন ব্যক্তিকে ক্রীড়াবিদ হিসেবে দেখিয়ে কমিটি গঠন করা স্বেচ্ছাচারিতার শামিল।
সদ্য বিলুপ্ত উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মফিদুল হক লিটু বলেন, “হঠাৎ করেই নতুন কমিটি গঠন করা হয়েছে, বিষয়টি সম্পর্কে আমাদের কিছু জানানো হয়নি। পরে শুনেছি কমিটি স্থগিত করা হয়েছে।”
তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বলেন, “কারো বিষয়ে প্রশ্ন উঠলে তাকে রাখা হবে না। প্রয়োজন হলে কমিটি সংশোধন করা হবে।”
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
অন্যদিকে সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।




















