মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৬ মার্চ ২০২৬ , ১১:৩৬:১৪ প্রিন্ট সংস্করণ
মহান স্বাধীনতা দিবসে সরকারি ছুটি ঘোষিত থাকলেও হবিগঞ্জের মাধবপুর উপজেলার অধিকাংশ শিল্পকারখানায় শ্রমিকদের ছুটি না দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অনেক শ্রমিক শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারেননি বলে জানা গেছে।
শ্রমিকদের অভিযোগ, চাকরি হারানোর আশঙ্কায় তারা প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। তবে তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও প্রতিবাদের সুর শোনা যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার জগদীশপুর ইউনিয়নের বিএসএল হার্ডল্যান্ড ফ্যাক্টরি, তেলিয়াপাড়ার ফারিস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ এবং বেজুড়ার যমুনা গ্রুপের হুরাইনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন শিফটে শ্রমিকদের কাজ করতে হয়েছে।
ছুটি না পাওয়া এক শ্রমিক নাজমা বেগম বলেন, “আমার দুটি সন্তান আমাকে নিয়ে শহীদ মিনারে ফুল দিতে যেতে চেয়েছিল। কিন্তু ছুটি না থাকায় যেতে পারিনি। অথচ প্রশাসনের কর্মকর্তারা সেখানে গিয়েছেন। এই অন্যায়ের বিচার চাই।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। যমুনা গ্রুপের হুরাইনের এক কর্মকর্তা জানান, প্রশাসনের সঙ্গে আলোচনা করে ঈদের ছুটি একদিন বাড়ানো হয়েছে। বিএসএলের এক কর্মকর্তা দাবি করেন, স্থায়ী শ্রমিকরা ছুটিতে আছেন এবং ইউএনও’র সঙ্গে বৈঠকের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফারিস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নারায়ণ সরকার নয়ন বলেন, “দেশ স্বাধীন হলেও শ্রমিকদের প্রকৃত স্বাধীনতা এখনো আসেনি। দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।”
শ্রমিক মুক্তিজোটের কেন্দ্রীয় আহ্বায়ক মো. রাশেদুল ইসলাম খোকন বলেন, “মাধবপুরের অনেক ফ্যাক্টরি শ্রম আইন মানছে না। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব।”
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম বলেন, “ছুটি না দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।”
মৌলভীবাজার জেলা কলকারখানা পরিদর্শন বিভাগের উপ-মহাপরিদর্শক তপন বিকাশ জানান, “ফ্যাক্টরিগুলোর ছুটির তালিকা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”




















