মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৮ মার্চ ২০২৬ , ৯:৪১:০৮ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযানে গণধর্ষণ মামলার এক পলাতক আসামি ও সাজাপ্রাপ্ত আরেক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) সকালে মাধবপুর থানার ওসি মো. সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল র্যাবের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভার হাজী আব্দুল হামিদ ম্যানশনের সামনে অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মো. শাহীন মিয়া (৩০)কে গ্রেপ্তার করে। তিনি মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর এলাকার কালা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ২৪ মার্চ সন্ধ্যায় মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে ঘুরতে আসা এক নারীকে অপহরণ করে ধর্ষণ করে শাহীন মিয়া ও তার সহযোগী জসিম মিয়া। ঘটনার পরপরই অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং জসিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। তবে শাহীন মিয়া পালিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র্যাবের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, একই দিন রাতে পৃথক এক অভিযানে মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মাসুদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে ২০১৪ সালের একটি জিআর মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফয়সাল মিয়া (৩৫)কে গ্রেপ্তার করে। তিনি শ্রীধরপুর গ্রামের মো. হাদিস মিয়ার ছেলে।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।




















