সারাদেশ

দক্ষিণখানে ‘হাসু’ সিন্ডিকেট: পুলিশের পোশাক পরে মাদক কারবারের অভিযোগ

  সোহরাব হোসেন, ঢাকা ৪ এপ্রিল ২০২৬ , ৭:৩৬:০৯ প্রিন্ট সংস্করণ

রাজধানীর দক্ষিণখান থানাধীন দক্ষিণ মোল্লারটেক এলাকায় চিহ্নিত মাদক কারবারি হাসেম হাসুকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান চললেও তিনি রহস্যজনকভাবে ধরাছোঁয়ার বাইরে থাকছেন বলে অভিযোগ স্থানীয়দের।

অনুসন্ধানে জানা যায়, একসময় আর্থিক সংকটে থাকা হাসু বর্তমানে মাদক ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। রাজমিস্ত্রির পরিচয় ব্যবহার করলেও গোপনে গাঁজা ও ইয়াবা বিক্রি করে আসছেন তিনি। স্থানীয়দের দাবি, প্রভাব বিস্তারের জন্য তিনি পুলিশের জ্যাকেট ও জুতো ব্যবহার করে এলাকায় চলাফেরা করেন, যা সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি করছে।

এলাকাবাসীর অভিযোগ, বিমানবন্দর রেলস্টেশন, হাজীক্যাম্প, ইর্শাল কলোনি ও উদয়ন স্কুল রোড এলাকায় ভ্রাম্যমাণভাবে মাদক বিক্রি করা হলেও দক্ষিণ মোল্লারটেকের ‘বাদলের চা দোকান’ তার প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়।

এছাড়া স্থানীয় এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তার ঘনিষ্ঠতার অভিযোগও উঠেছে। যদিও অভিযুক্ত কর্মকর্তা এ অভিযোগ অস্বীকার করে বলেন, “কোনো মাদক কারবারির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক থাকার প্রশ্নই আসে না। অপরাধী যে-ই হোক, আইনের আওতায় আনা হবে।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “হাসু রাজমিস্ত্রি পরিচয় দিলেও সবাই জানে তার আসল ব্যবসা ইয়াবা। পুলিশের পোশাক পরে ঘোরার কারণে মানুষ তাকে ভয় পায়। বায়তুল মামুর জামে মসজিদ এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “পুলিশের পোশাক বা সামগ্রী ব্যবহার করে অপরাধ করার সুযোগ নেই। হাসেম হাসুর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সুনির্দিষ্ট প্রমাণ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর দাবি, বায়তুল মামুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় সক্রিয় এই মাদক চক্রের বিরুদ্ধে দ্রুত কার্যকর অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ জরুরি।

আরও খবর

Sponsered content