মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৬ , ১০:২৩:০৫ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় ট্রাকটির ইটের নিচে বস্তার ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ ঔষধ ও ফুচকা উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ২০ হাজার টাকা। উদ্ধার করা মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।




















